সরাইল(ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ছামিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছামিয়া একই উপজেলার পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামের বাহার মিয়ার মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ছামিয়া তার নানার বাড়ি লোপাড়া গ্রামে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে সে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে স্বজনেরা এদিক সেদিক খুঁজতে থাকে । একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সামান্য অসাবধানতার কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

