ভারত প্রথমবারের মতো ১২টি পারমাণবিক ওয়ারহেড কার্যকরভাবে মোতায়েন করেছে বলে দাবি করেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI)।
সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে পারমাণবিক ওয়ারহেড ও উৎক্ষেপণ ব্যবস্থাকে আলাদা রাখার যে নীতি ভারত অনুসরণ করত, সেখানে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন কিছু ওয়ারহেড সরাসরি ডেলিভারি সিস্টেমের সঙ্গে যুক্ত করা হয়েছে বা সক্রিয় সামরিক ঘাঁটিতে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের পারমাণবিক অস্ত্রভাণ্ডার বর্তমানে প্রায় ১৯০টির কাছাকাছি পৌঁছেছে, যা বিমান, স্থল ও সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে পরিচালিত ‘নিউক্লিয়ার ট্রায়াড’-এর অংশ।
বিশ্লেষকদের মতে, ক্যানিস্টারভিত্তিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও পারমাণবিক সাবমেরিনের নিয়মিত টহল ভারতের পারমাণবিক প্রস্তুতিকে নতুন পর্যায়ে নিয়ে গেছে।
তবে ভারত এখনো আনুষ্ঠানিকভাবে তার ‘নো ফার্স্ট ইউজ’ নীতি বজায় রেখেছে। এই নীতির অধীনে দেশটি বলেছে, তারা প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, শুধুমাত্র পারমাণবিক হামলার প্রতিক্রিয়ায় ব্যবহার করা হবে।
ভারতের অবস্থান অনুযায়ী, তাদের পারমাণবিক সক্ষমতা কোনো অস্ত্র প্রতিযোগিতার অংশ নয়, বরং প্রতিরোধমূলক নিরাপত্তা নিশ্চিত করার কৌশল।

