লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের পরিবারের লোকজনকে গ্রেফতারের প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভির। এ ধরনের পদক্ষেপ সংগঠনটির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে বলে তিনি মনে করেন।
মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠকে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
বৈঠকে বেন গভির বলেন, হিজবুল্লাহ মোকাবিলায় প্রচলিত কৌশলের বাইরে গিয়ে নতুনভাবে চিন্তা করা প্রয়োজন। তার মতে, শুধু সামরিক হামলা নয়, সংগঠনের সদস্যদের স্বজনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে তা হিজবুল্লাহর ওপর আরও কার্যকর চাপ তৈরি করবে।
এ সময় মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্য লেবানন সীমান্তে সামরিক তৎপরতা বাড়ানোর পক্ষে মত দেন। তারা প্রতিরক্ষা খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ এবং সেনাবাহিনীর জন্য আরও অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের আহ্বান জানান।
নেগেভ, গালিলি ও ন্যাশনাল রেজিলিয়েন্স বিষয়ক মন্ত্রী ইতজাক ওয়াসারলাফ বলেন, লেবাননের দিক থেকে আসা হুমকির জবাবে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন। একই সুরে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও। তিনি সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে অতিরিক্ত অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, লেবানন সীমান্তে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক মহল থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি নেতৃত্বের মধ্যে আলোচনার পর উত্তর সীমান্তে সামরিক অভিযান সীমিত রাখার বিষয়েও আলোচনা হয়। তবে মন্ত্রিসভার সাম্প্রতিক আলোচনায় ইসরায়েল সরকারের একটি অংশ আরও কঠোর অবস্থানের পক্ষে রয়েছে বলে ইঙ্গিত মিলেছে।

