সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় গঠনের নির্দেশসংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে দায়ের করা আপিলগুলোর শুনানির জন্য আগামী ১৬ জুন দিন নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে সাতজন আইনজীবীর করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ২ সেপ্টেম্বর হাইকোর্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে বাতিল করেন। পাশাপাশি তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়।
পরবর্তীতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ রায় বাতিল চেয়ে আপিল করে এবং রায়ের কার্যকারিতা স্থগিতের আবেদন জানায়। একই বিষয়ে আরও দুটি পৃথক আপিলও দাখিল করা হয়।
আজকের শুনানিতে রাষ্ট্রপক্ষসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর আপিল একসঙ্গে শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশ দেন এবং ১৬ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

