দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে দলীয় কার্যক্রমকে গতিশীল করতে নতুন করে সক্রিয় হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলটির চেয়ারম্যান তারেক রহমান–এর নির্দেশনায় মেয়াদোত্তীর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ উদ্যোগকে কেন্দ্র করে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
সম্প্রতি ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আগামী দিনে কৃষকদলসহ অন্যান্য সংগঠনের সঙ্গেও ধারাবাহিক বৈঠকের পরিকল্পনা রয়েছে।
দলীয় নেতাদের মতে, এসব বৈঠক সাংগঠনিক পুনর্গঠনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে এবং নতুন নেতৃত্ব নির্বাচনের পথ সুগম করবে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অঙ্গসংগঠনগুলোর পুনর্গঠন প্রক্রিয়া চলমান রয়েছে এবং নেতৃত্বে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।
দলীয় সূত্র জানায়, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের বিষয়টি এখন অগ্রাধিকার পাচ্ছে। একই সঙ্গে কিছু শীর্ষ নেতা সরকারি দায়িত্ব ও নির্বাচনী রাজনীতিতে যুক্ত হওয়ায় সংগঠনগুলোতে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
কৃষকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে ইতোমধ্যে একাধিক নাম আলোচনায় এসেছে বলে জানা গেছে। দলের নীতিনির্ধারকরা মনে করছেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আসবে এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন আরও সহজ হবে।

