সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্ব-যত্নে চাষ করা ১৫টি জীবন্ত গাঁজা গাছ ও ৪০০ গ্রাম প্রক্রিয়াজাত গাঁজাসহ চন্দন চাষা (৪৭) নামে এক অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (২৩ মে) উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের এলাপুর চা বাগান এলাকার নয়াটিলা লাইন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক চন্দন চাষা ওই এলাকার মৃত হরি চাষার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল এলাপুর চা বাগানের নয়াটিলা লাইনে চন্দন চাষার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে ৪০০ গ্রাম প্রক্রিয়াজাত গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি বাড়ির আঙিনায় স্ব-যত্নে চাষ করা ১৫টি গাঁজা গাছ শনাক্ত করে উপড়ে ফেলা হয় এবং জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে,চন্দন চাষা দীর্ঘদিন ধরে চা বাগান এলাকায় গোপনে গাঁজার চাষ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বাদী হয়ে জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।
মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান জানান,”জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক উৎপাদন ও কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গ্রেপ্তার আসামিকে জুড়ী থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।”

