সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী:
নরসিংদীর পলাশ উপজেলায় বিএনপি ও ছাত্রদলের অভ্যন্তরীণ সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী ঈসমাইল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২১ জুন) দুপুর ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত ঈসমাইল পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের আব্দুর রহিম ভূঁইয়ার ছেলে।
তার পরিবার দাবি করেছে, ঈসমাইলকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। তারা দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ছাত্রদল নেতাদের দাবি, ১৫ জুন ঘোড়াশাল পৌর এলাকায় শান্তিপূর্ণ মিছিলে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল ও তার অনুসারীরা গুলি চালায়। এতে ঈসমাইলসহ অন্তত ১০ জন আহত হন। ঈসমাইলকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়, যেখানে ছয় দিন পর তার মৃত্যু হয়।
পলাশ থানার ওসি মো. মনির হোসেন জানান, ঈসমাইলের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো জানায়নি। তথ্য পাওয়ার পর যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পরদিন ছাত্রদলের পক্ষ থেকে ফজলুল কবির জুয়েলসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০–৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। জুয়েল বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অপরদিকে, জুয়েলের পক্ষ থেকেও পাল্টা মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bangla.fm/wp-content/uploads/2025/06/Picsart_25-06-21_18-25-08-183.jpg)
